রাজধানীর ধানমণ্ডির নজরুল ইনস্টিটিউটে ‘সম্প্রীতি ও স্বাধীনতা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় শিশু-কিশোরদের মাধ্যমে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের রঙিন স্বপ্ন ফুটে উঠেছে।
আজ শুক্রবার সকালে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ ও স্বাধীনতা চারুশিল্পী পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে সেরা ১২ জন বিজয়ীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের ভাবনার বাংলাদেশকে রঙিন ক্যানভাসে তুলে ধরেছে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক জামাল আহমেদ। তিনি বলেন, "সুন্দর জীবন গড়তে হলে দেশের ইতিহাস ধারণ করতে হবে। সমাজের সব স্তরের মানুষের জন্য কাজ করার মানসিকতা নিয়ে নিজেদের তৈরি করতে হবে।"
প্রতিযোগিতায় মোট তিনটি ক্যাটাগরি ছিল। শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির জন্য বিষয় ছিল ‘আমাদের নদী’, চতুর্থ থেকে সপ্তম শ্রেণির জন্য ‘স্বাধীনতা ও সম্প্রীতি’ এবং অষ্টম থেকে দশম শ্রেণির জন্য ‘চেতনায় বাংলাদেশ’ ভাবনা।
পদ্মা বিভাগে প্রথম স্থান অর্জন করেছে লিটল এঞ্জেলস স্কুলের ওয়াজিহা হাসান আরিবাহ। মেঘনা বিভাগে প্রথম স্থান অধিকার করেছে সিলভার ডেল প্রিপারেটরি স্কুলের কামরুন নাহার। যমুনা বিভাগে প্রথম হয়েছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের তাজকবা ফেরদৌস জল।
আয়োজক সংগঠন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক শিল্পী আশরাফুল আলম পপলু বলেন, "শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সম্প্রীতি ও স্বাধীনতার ইতিহাস বিষয়ে সচেতন করতেই আমাদের এই আয়োজন।"
তিনি আরও জানান, নতুন প্রজন্মের কাছে অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।