বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও কিংবদন্তি সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০১ সালের ২৯ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ অংশ নিয়ে তিনি ‘বাংলাদেশ’ গান গেয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই কনসার্টে অংশগ্রহণ করেন বিশ্বের খ্যাতিমান সংগীতশিল্পীরা এবং এর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন করা হয়।
কনসার্ট থেকে প্রায় আড়াই লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়, যা যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের মানুষের এবং ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশি শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়।
জর্জ হ্যারিসনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে মানবিক অবদানের জন্য ২০১১ সালে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে বাংলাদেশ সরকার।
১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করা হ্যারিসন বিখ্যাত ব্যান্ড ‘দ্য বিটলস’-এর সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। বিটলসের লিড গিটারিস্ট হিসেবে তিনি অসংখ্য জনপ্রিয় গান রচনা করেন।
১৯৭০ সালে বিটলস ভেঙে যাওয়ার পরও তার একক ক্যারিয়ার সফল ছিল। ‘মাই সুইট লর্ড’, ‘গিভ মি লাভ’ এবং ‘গট মাই মাইন্ড সেট অন ইউ’ তার উল্লেখযোগ্য একক গানগুলোর মধ্যে রয়েছে।
জর্জ হ্যারিসন গিটারবাদক হিসেবেও বিশেষ স্বীকৃতি পেয়েছেন এবং রোলিং স্টোন-এর ‘সর্বকালের সেরা ১০০ গিটারিস্ট’ তালিকায় তার অবস্থান ১১তম।
৫৮ বছর বয়সে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার মানবিক ভূমিকার জন্য তিনি আজও দেশের মানুষের কাছে ‘অকৃত্রিম বন্ধু’ হিসেবে স্মরণীয় হয়ে আছেন।