মক্কা চুক্তি মুসলিম দেশের আত্মরক্ষার স্বার্থে এবং এটি নিয়ে দিল্লির উদ্বেগের কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, ঢাকা এ চুক্তির প্রতি ইতিবাচক অবস্থান নিয়েছে।
শনিবার ইনডিপেনডেন্ট টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেন, "এ চুক্তি কাউকে হুমকির মুখে ফেলতে নয়, বরং মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায়।"
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী বিষয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কাজ করছেন। আগামী ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে তিনি ঢাকা ত্যাগ করবেন।
এ অধিবেশনে বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আগামী এক বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব এবং জাতিসংঘের সভাপতি হিসেবে ভারসাম্য রক্ষার পরিকল্পনা রয়েছে তার।
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের ইরানের সাথে সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা আশা করি, এটি কোনো বাধার সৃষ্টি করবে না।"
২২ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য রাখবেন খলিলুর রহমান। তিনি জানান, প্রত্যাবাসন ছাড়া সমস্যার সমাধানের বিকল্প নেই এবং এ বিষয়ে সকলের মতামত একমত।
অন্তবর্তী সরকারের কার্যক্রমে কিছু মতপার্থক্য থাকলেও, সব উপদেষ্টার মধ্যে কাজের ছন্দ ছিলো বলেও মন্তব্য করেন তিনি।