ইউক্রেনে নতুন শিক্ষাবর্ষ শুরুর মাত্র এক সপ্তাহ আগে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়েছে দেশটির প্রায় ১ কোটি ২০ লাখ বই, যার মধ্যে স্কুলের পাঠ্যবইও রয়েছে। কিয়েভের একটি ছাপাখানায় হামলার পর নতুন শিক্ষাবর্ষের জন্য বই ছাপার কাজ থমকে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কনভি প্রকাশনা প্রতিষ্ঠানের বাণিজ্যিক পরিচালক ভিক্টোরিয়া হাইদাই জানান, হামলার সময় নতুন শিক্ষাবর্ষের জন্য ১৩ লাখ বই ছাপার প্রস্তুতি চলছিল। এসব বই ইউক্রেনের মোট স্কুলপাঠ্যবইয়ের প্রায় ১০ শতাংশ। হামলার পর পুড়ে যাওয়া ছাপাখানার ছাইয়ের মধ্যে একটি ইংরেজি ভাষার পাঠ্যবইয়ের পোড়া পৃষ্ঠা পাওয়া গেছে।
সাম্প্রতিক সময়ে ইউক্রেনজুড়ে একের পর এক ছাপাখানা ও প্রকাশনা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, চলতি বছর ইউক্রেনে যত বই ছাপা হয়েছে, তার প্রায় এক-তৃতীয়াংশই রুশ হামলায় ধ্বংস হয়েছে।
হাইদাই বলেন, এসব হামলা পরিকল্পিত। তিনি বিশ্বাস করেন, রুশ ফেডারেশন ইচ্ছাকৃতভাবে ইউক্রেনের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধ্বংস করছে। গত কয়েক সপ্তাহে ইউক্রেনে ৩৫টিরও বেশি প্রকাশনা ও মুদ্রণ-সংশ্লিষ্ট স্থাপনা হামলার শিকার হয়েছে।
ইউক্রেনের সংস্কৃতিমন্ত্রী তেতিয়ানা বেরেজনা বলেন, রাশিয়া আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যাতে ইউক্রেনীয়দের পরিচয় মুছে ফেলা যায়।
বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ডিজিটাল সংরক্ষণকে গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বই, শিল্পকর্ম ও অন্যান্য সাংস্কৃতিক সম্পদের ডিজিটাল কপি সংরক্ষণ করা হচ্ছে।