জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, অপসংস্কৃতি ও উগ্রবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য সকল সরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।
মন্ত্রী সোমবার (৩১ জুলাই) সকালে রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কে 'নজরুল বর্ষ' উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি শিক্ষার্থীদের মধ্যে নজরুলের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
নিতাই রায় চৌধুরী বলেন, প্রশাসন, পুলিশ, শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থাগুলোকে একত্রে কাজ করতে হবে। তিনি পূর্ববর্তী ফ্যাসীবাদী সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ ২২-২৩ বছর ধরে নজরুলকে রাষ্ট্রীয় পর্যায় থেকে আড়াল করার চেষ্টা করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এই আড়াল সংস্কৃতির কারণে তরুণদের সৃজনশীলতা বাধাগ্রস্ত হয়েছে এবং জাতীয় ঐক্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি পূর্ববর্তী সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তরুণদের মাদকের মতো বিপজ্জনক বিষয়গুলোর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেন।
মন্ত্রী বলেন, "লোকালয়ে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। অর্থাৎ সমাজ ধ্বংস হলে কেউ নিরাপদ থাকতে পারে না।"