রাজধানীর রাস্তা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সকালে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার এলাকায় অভিযান চালায় ডিএসসিসি কর্তৃপক্ষ।
ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে বার বার নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখন থেকে আর কোনো নোটিশ দেওয়া হবে না। আইন অনুযায়ী, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের অংশ হিসেবে মালামাল বাজেয়াপ্ত করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। হকারদের নির্দিষ্ট সিস্টেমের মধ্যে আসার নির্দেশনা দিয়েছে নগর কর্তৃপক্ষ।
নগর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, হকারদের নির্ধারিত নাইট মার্কেট বা হলিডে মার্কেটে বসতে হবে। এর বাইরে যেকোনো স্থানে বসলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মিরপুর ১ নম্বর ও তার আশেপাশের ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনও অভিযান পরিচালনা করেছে।