ঢাকা শহরে পানির সরবরাহ বাড়াতে আগামী ছয় মাসের মধ্যে পদ্মা নদী থেকে প্রতিদিন অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি সরবরাহের জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বর্তমানে ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে, যার মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং ২৬ শতাংশ নদীর পানি শোধনের মাধ্যমে আসে। নতুন প্রকল্পের মাধ্যমে পদ্মা নদী থেকে পানি সরবরাহের ফলে মাটির নিচের পানির ওপর চাপ কমবে এবং ভূমিকম্পের ঝুঁকি এড়ানো সম্ভব হবে।
এছাড়া, প্রতিমন্ত্রী পানির অপচয় রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। আজ বুধবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। তিনি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শও দেন।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলা সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং পুষ্টির দিকে নজর দেওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালাই আহমাদজাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ড. রাজেশ নারওয়াল এবং ইউনিসেফের ওয়াশ বিভাগের প্রধান পিটার মায়েস উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেন।
শেষে শিক্ষার্থীদের হাত ধোয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখার শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়।