রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধার হওয়া তরুণের নাম দীপ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান অবস্থায় দীপের মরদেহ উদ্ধার করে। দীপের সহপাঠীদের কাছ থেকে জানা যায়, গত ১২ জুন তিনি বাসা থেকে বের হয়ে যান। পরিবারের সাথে রাগারাগি করার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
দীপের পরিবারের সাথে কোনো যোগাযোগ না থাকায় গতকাল তার মা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেন, কিন্তু তার কোনো সন্ধান মেলেনি।