বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এনআইডি সেবায় হয়রানি বন্ধে পরামর্শ চাইলেন সিইসি

এনআইডি সেবায় হয়রানি বন্ধের জন্য পরামর্শ চাইলেন প্রধান নির্বাচন কমিশনার।

এনআইডি সেবায় হয়রানি বন্ধে পরামর্শ চাইলেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘পত্রপত্রিকায় যখন হয়রানি শব্দটা দেখি, আমি খুব অস্বস্তি করি। এটা আর কীভাবে ব্যবহার হবে না–সেই পরামর্শ দিন। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে, এটা থেকে মুক্তির জন্য পরামর্শ দেবেন। মানুষ সেবা পাবে এটা নিশ্চিত করতে হবে।’

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। সিইসি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে যেকোনো চিঠি পাওয়ার পরে আপনারা বলবেন, আমরা এটা বুঝে পেয়েছি, তাহলে আবেদনের একটা হদিস থাকবে। জনসাধারণের কথা চিন্তা করে আমাদের সমাধান বের করতে হবে। সঠিক আবেদন বিষয়ে জনসচেতনতা দরকার।’

তিনি আরও বলেন, ‘আমি সমাধান চাই। মানুষ হয়রানির স্বীকার হোক চাই না। এ নিয়ে জিরো টলারেন্স। এনআইডি সংক্রান্ত দুর্নীতি নির্মূল করতে চাই। এতো হয়রানির আবেদন আর দেখতে চাই না।’

এ সময় ইসি সচিব আখতার আহমেদ জানান, নিবন্ধনের সময় ফ্যামিলি ট্রি তৈরি এবং নবায়নকালে ফ্যামিলি ট্রি প্রস্তুত করার প্রক্রিয়াটি খুব শিগ্‌গিরই শুরু হবে। তিনি বলেন, ‘সংশোধন প্রক্রিয়ায় ওটিপির প্রচলনে কাজ চলছে, কি কারণে একটা তথ্য বা আবেদন বাতিল হলো, সে জিনিসগুলোকে নাগরিককে জানানো হবে।’

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘শুধুমাত্র বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর গত দু বছরের সময়ের মধ্যে ১৭ লক্ষাধিক আবেদন নিষ্পত্তি করা হয়েছে। যার মধ্যে ১৪ লাখ গৃহীত হয়েছে এবং আনুমানিক ৩ লাখ রিজেক্টেড হয়েছে।’

বিজ্ঞাপন