শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে।

দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানান, জমি রেজিস্ট্রি সহ কোনো সেবাই টাকা ছাড়া পাওয়া যায় না। অভিযোগ রয়েছে, অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালীরা এই অনিয়মের সঙ্গে জড়িত।

প্রতিদিন সাধারণ মানুষের জমি নিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনে এই অফিসে যেতে হয়। অভিযোগ করা হচ্ছে যে, এখানে সেবা পেতে অতিরিক্ত টাকা দিতে হয়। টাকা না দিলে কাঙ্খিত সেবা মিলছে না এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে।

জমি রেজিস্ট্রি করতে আসা এক ব্যক্তি জানান, ‘সাব–রেজিস্টার দেরিতে আসেন, ফলে আমাদের ভোগান্তি পোহাতে হয়।’ অন্য এক ভুক্তভোগী বলেন, ‘রেজিস্ট্রিতে ৩০ হাজার টাকা লাগবে, কিন্তু ৪০ হাজার টাকা নেওয়া হচ্ছে। মুহুরিকে জিজ্ঞেস করলে সে বলে, আমাদেরকে দলের লোক, বিভিন্ন অফিস ও সাব–রেজিস্ট্রারকে দেওয়া লাগবে।’

অফিসের কার্যক্রম সকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও কর্মকর্তারা দুপুরে আসেন এবং যথাযথভাবে বসেন না। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তারা। দৌলতপুর উপজেলা সাব রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নাই। যা টাকা হয়, পে–অর্ডারে নিচ্ছি। এটি সরকারি রাজস্ব।’

দুর্নীতি দমন কমিশন এই বিষয়টি তদন্ত করছে। দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় জানান, ‘ফটোকপি সংগ্রহ করেছি। ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলছি। রেকর্ডপত্র সংগ্রহ চলছে।’

ভুক্তভোগীরা দাবি করেছেন, সরকারি প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করতে অসৎ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।

বিজ্ঞাপন