কুষ্টিয়ায় স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম ও অর্থ লুটপাটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল।
আজ বুধবার সকালে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবার মান বাড়ানোর চেষ্টা করছে। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
মন্ত্রী হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অপরিচ্ছন্নতা ও রোগীদের ব্যবহৃত বাথরুমের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতে গতি আনা হবে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে নিয়োগে অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে তিনি বলেন, ‘দেশের অনেক জেলায় অনিয়ম হয়েছে। সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।’
এছাড়া, কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামী তিন মাসের মধ্যে পরিপূর্ণভাবে চালু করার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, জানান মন্ত্রী। তিনি বলেন, ‘গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি।’
মন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন। এ সময় জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেন উপস্থিত ছিলেন।