মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে ১১৫ পদের নিয়োগ আটকে আছে ৮ মাস

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের ১১৫ পদের নিয়োগ ৮ মাস ধরে আটকে রয়েছে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে ১১৫ পদের নিয়োগ আটকে আছে ৮ মাস

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের ১১৫টি পদের নিয়োগ আটকে আছে গত ৮ মাস ধরে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করলেও এখনও কোনো নিষ্পত্তি হয়নি।

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ফলাফল স্থগিত করে কর্তৃপক্ষ। গত অক্টোবরে অনুষ্ঠিত পরীক্ষায় চাকরি প্রত্যাশীরা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে নামলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, তদন্তের দীর্ঘসূত্রিতার কারণে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। সামাজিক মাধ্যমে অনিয়মের প্রমাণ হিসেবে কিছু ভিডিও ছড়িয়ে পড়লেও কার্যকরী ব্যবস্থা নেয়া হয়নি।

দুদক জানিয়েছে, নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এখনও তদন্তাধীন। দুদক উপ-পরিচালক মাঈনুল ইসলাম রওশনী বলেন, “অনিয়মের অভিযোগ এখনও তদন্ত করছেন কেন্দ্রীয় অফিসের কর্মকর্তারা।”

কুষ্টিয়া সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, বিষয়টি বর্তমানে মন্ত্রণালয়ের হাতে রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখওয়াত হোসেন সম্প্রতি কুষ্টিয়া সফরে এসে জানান, অন্যান্য জেলাতেও অনিয়মের কারণে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ভুক্তভোগীরা ফলাফল বাতিল করে দ্রুত নতুন পরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন