রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শাহজালালে যাত্রীর কাছ থেকে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

শাহজালালে যাত্রীর কাছ থেকে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণালংকার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে হীরা, স্বর্ণ ও প্লাটিনামের অলংকারসহ মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

রোববার (১১ অক্টোবর) ঢাকা কাস্টমস হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিমানের বিজি-৩৯৬ ফ্লাইটে কলকাতা থেকে আসা ওই যাত্রীর নাম জনি রহমান। কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম গত রাতে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পেয়ে নজরদারি শুরু করে।

ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় ওই যাত্রীর ব্যাগ স্ক্যান করা হয়। স্ক্যানের সময় আচারের বয়ামের ভেতরে ধাতবজাতীয় পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন ধরনের মূল্যবান অলংকার ও পাথর জব্দ করা হয়।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩৮৯টি স্বর্ণের আংটি, ১৫১টি প্লাটিনামের আংটি, তিনটি সাদা স্বর্ণের অলংকার, দুইটি রুপার আংটি, পাঁচটি স্বর্ণের লকেট, একটি স্বর্ণের চেইন এবং ৪৭২টি স্বর্ণের নাকফুল।

এছাড়াও ৪৫ ক্যারেটের হীরা, পোখরাজ, রুবি ও অন্যান্য পাথর মিলিয়ে ৭২০টি পাথর এবং ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ড জব্দ করা হয়েছে। কাস্টমসের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

বিজ্ঞাপন