হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে ৯০ পিস ই-সিগারেট-ভেপসহ বিভিন্ন পণ্য আটক হয়েছে। গত ৬ ও ৭ নভেম্বরের পৃথক অভিযানে আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান নেয়া হয়। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-387 ফ্লাইটে আগত যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করা হয়। তল্লাশির সময় ৯০ পিস ই-সিগারেট/ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবারের স্বর্ণালংকার আটক করা হয়।
অপরদিকে, ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আগত QR-640 ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে ১৬৬ কার্টন সিগারেট পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
যাত্রী ব্যাগেজে ই-সিগারেট/ভেপ বহনের এ ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।