রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ডাচেস অব এডিনব্রা সোমবার বাংলাদেশ সফরে আসছেন

ডাচেস অব এডিনব্রা আগামী সোমবার বাংলাদেশ সফরে আসছেন।

ডাচেস অব এডিনব্রা সোমবার বাংলাদেশ সফরে আসছেন

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনব্রা আগামী সোমবার, ৯ নভেম্বর, তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। সফরটি ১১ নভেম্বর পর্যন্ত চলবে।

ঢাকায় তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের অংশ হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

ডাচেস অব এডিনব্রা সফরকালে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বের বিষয়টি তুলে ধরতে বিভিন্ন জনগোষ্ঠী ও সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম সরেজমিনে দেখবেন।

ঢাকায় অবস্থানকালে নারী ও মেয়েশিশুদের কল্যাণ এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা করবেন। এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করবেন, যেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান সম্পর্কে জানবেন।

ডাচেস বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) তরুণ ক্রীড়াবিদদের সঙ্গে সময় কাটাবেন। সেখানে নারী হকি খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি এবং তাদের ক্ষমতায়নে খেলাধুলার ভূমিকা তুলে ধরা হবে।

তিনি বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন এবং শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও নারীর ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরবেন।

ডাচেস অব এডিনব্রা যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) অনুরোধে বাংলাদেশ সফরে আসছেন। এর আগে ২০১৭ সালে তিনি বাংলাদেশ সফর করেছিলেন।

বিজ্ঞাপন