বাগেরহাট জেলা জজ আদালতের আইনজীবী নিজাম উদ্দিন শান্তের হত্যাকারীদের বিচারের দাবিতে আদালত বর্জন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধনে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির শতাধিক সদস্য অংশ নেন।
২৬ জুলাই রবিবার দুপুরে বাগেরহাট জেলা জজ আদালতের সামনে আইনজীবীরা মানববন্ধন করেন। তারা বলেন, নিজাম উদ্দিন শান্ত একজন মেধাবী আইনজীবী ছিলেন এবং পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড আইনজীবীদের নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।
আইনজীবীরা জানান, হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। তারা দাবি করেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
শান্তের হত্যাকারীদের গ্রেফতার হলে আসামিদের পক্ষে কোন আইনজীবীকে আদালতে আইনি সহায়তা না দেওয়ার জন্য বাগেরহাট আইনজীবী সমিতির সদস্যরা আহ্বান জানান।
গত শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় ছুরিকাঘাত করে আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার রাতে অজ্ঞাতনামা আসামি করে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন শান্তের স্ত্রী স্বপ্না বেগম। পুলিশ জানিয়েছে, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।