রাজবাড়ীর চন্দনীতে মুরগিবাহী পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপরে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম জোহান। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোশারফের ছেলে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুপুরে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া কুষ্টিয়াগামী মুরগিবাহী পিকআপের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরে পাঠানো হয়।
পাংশা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর থেকেই পিকআপ চালক পলাতক রয়েছে এবং তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।