গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসায়ীর কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে কারখানার মালামাল নামাতে বাধা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে টঙ্গী পূর্ব থানায় যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মনোয়ার হোসেন (২৮), কাজী তৌহিদুল সজীব (৩৫), রনি খাঁ (৩৯), মো. রিয়াজন (৩০), জাহাঙ্গীর শেখ (২৭), জহির (৩৩), বায়জিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), মো. রাসেল (২৮), এবং মো. সাগর (২০)।
মামলার বাদী নূরজ্জামান জামাল জানান, তিনি দীর্ঘদিন ধরে টঙ্গীর পাগাড় পাঠানপাড়া এলাকার ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার সঙ্গে বিভিন্ন ধরনের পরিত্যক্ত মালামালের ব্যবসা করছেন। সম্প্রতি যুবদল নেতা নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, ২৮ জুন তার লোকজন কারখানা থেকে বাতিল মালামাল নামাতে গেলে ৭০ থেকে ৮০ জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেল মহড়া দিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। এরপর তারা আবারও ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় পুলিশ প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, মামলার ভিত্তিতে ১১ জনকে গ্রেফতার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।