ভোলার লালমোহনে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের হামলায় কলেজছাত্র ইব্রাহিম খলিল নয়ন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত নয়ন ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং তিনি লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। ঘটনার সময় নয়ন ও হামলার নেতৃত্ব দেওয়া অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর মানিক তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে নয়নের ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু ঘটে।
হামলায় নয়নকে রক্ষা করতে গিয়ে আরও দুজন আহত হন। আহতদের মধ্যে মো. আলী জিন্নাহর ছেলে আরমান এবং আবুল কালাম আজাদের ছেলে আশরাফ রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ জানান, হামলার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নয়নের সহপাঠীরা ঘটনার প্রতিবাদে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন, যা প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখে।