রাজশাহীতে বিচারকের ছেলে নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমনকে হত্যার দায়ে লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এছাড়া, একই মামলায় লিমনের বিরুদ্ধে আরও তিনটি ধারায় পৃথক ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার এক দিন আগে এ রায় ঘোষণা করা হলো।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলা চালান লিমন মিয়া। এ সময় ছুরিকাঘাতে তাওসিফ নিহত হন এবং বিচারকের স্ত্রী আহত হন।
ঘটনার পরপরই পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন।
মামলার বিচার চলাকালে বাদী এবং তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালত মন্তব্য করেছেন, এ ঘটনা আইন ও বিচার বিভাগের জন্য হুমকিস্বরূপ।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।