বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: পেট্রোল বোমার প্রমাণ মেলেনি

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমার প্রমাণ মেলেনি, শর্টসার্কিটের সম্ভাবনা।

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: পেট্রোল বোমার প্রমাণ মেলেনি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে পেট্রোল বোমা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে।

মন্ত্রী জানান, বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়ির একটি টিনশেড আধাপাকা ঘরে আগুন লাগে। আগুন লাগা ঘরটিতে কেউ বসবাস করতেন না, সেখানে জুতা তৈরির কিছু উপকরণ, কাপড়চোপড় ও দুটি ছাগল ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সীমান্তের কাছাকাছি হওয়ায় বিজিবির একটি দলও সেখানে যায়। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিজিবির প্রাথমিক প্রতিবেদনে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ পাওয়ার তথ্য মেলেনি। বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার চিহ্ন পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তদন্তসাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।'

এ ঘটনায় ১২ নভেম্বর ৭০৩ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত আর কোনো বক্তব্য দিতে চান না তিনি।

বিজ্ঞাপন