হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগুন লাগা কার্গো হাউজের ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি মালামাল ছিল, যা এই অগ্নিকাণ্ডের একটি কারণ হতে পারে। শুক্রবার (৫ জুন) রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে দেড় ঘণ্টা সময় লেগেছে।
শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কার্গো কমপ্লেক্সের কুরিয়ার অপারেশন জোনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।