ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি ২ হাজারের বেশি বন্দির সাজা মওকুফ বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেইয়ের অনুরোধে এই সাধারণ ক্ষমার সিদ্ধান্ত অনুমোদন করেন খামেনি। এর ফলে অনেক বন্দি তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানা গেছে।
তবে নিরাপত্তা-সংক্রান্ত অপরাধ, বিশেষ করে গুপ্তচরবৃত্তির অভিযোগে দণ্ডিত বন্দিদের এই ক্ষমার আওতায় আনা হয়নি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
গত ডিসেম্বর থেকে ইরানে চলমান বিক্ষোভের কারণে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।