তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আজ বৃহস্পতিবার আনতালিয়ার রেগনাম হোটেলে অনুষ্ঠিত এই মধ্যাহ্নভোজে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান শিপলু জানান, অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমানকে আন্তরিকভাবে স্বাগত জানান এমিনে এরদোয়ান। দুই নেত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।
মধ্যাহ্নভোজে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্ত্রী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। এ সময় ডা. জুবাইদা রহমান অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (কপ৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের স্ত্রী বর্তমানে তুরস্কের আনতালিয়ায় অবস্থান করছেন। ডা. জুবাইদা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিন দিনের সরকারি সফরে তুরস্কে রয়েছেন।