তুরস্কের আন্তালিয়ায় জিরো ওয়েস্ট মিউজিয়ামের উদ্বোধন করেছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে এই মিউজিয়াম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ফার্স্ট লেডি ও ফার্স্ট স্পাউসরা উপস্থিত ছিলেন। ডা. জুবাইদা রহমান এবং এমিনে এরদোয়ান সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
জিরো ওয়েস্ট মিউজিয়ামে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্লাস্টিকদূষণ কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা।
২০১৭ সালে এমিনে এরদোয়ানের উদ্যোগে তুরস্কে ‘জিরো ওয়েস্ট’ আন্দোলন শুরু হয়, যার উদ্দেশ্য হল বর্জ্য উৎপাদন কমানো এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
ডা. জুবাইদা রহমান গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কে পৌঁছান এবং সফরকালে জলবায়ু সম্মেলন সম্পর্কিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।