বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

আজ বুধবার, তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় তিনি সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুও উপস্থিত ছিলেন। সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ।

এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন। কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয় এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে।

সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এর আগে, মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন