জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তোলে।
তিনি বলেন, 'শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যতের কর্মজীবন ও নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।'
আজ মঙ্গলবার ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এবং তাদের নিজ জেলা হবিগঞ্জ ভ্রমণের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে চকলেট তুলে দিয়ে বলেন, 'তোমরাই জাতির ভবিষ্যৎ। তাই শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়েও নিজেদের গড়ে তুলতে হবে।'
তিনি আরও বলেন, 'সরকার শিক্ষার্থীদের জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপযোগী পরিবেশ তৈরিতে কাজ করছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।'
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, 'যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলতে হবে, প্রাণীদের প্রতি সদয় আচরণ করতে হবে এবং খালি জায়গায় গাছ লাগাতে হবে।'