মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

নার্সিং ও মিডওয়াইফারি পেশার বৈশ্বিক কর্মসংস্থানে উন্নয়ন উদ্যোগ

সরকার নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের খাতে উন্নীত করতে কাজ করছে।

নার্সিং ও মিডওয়াইফারি পেশার বৈশ্বিক কর্মসংস্থানে উন্নয়ন উদ্যোগ

সরকার নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এই পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্য রয়েছে।

সোমবার ঢাকা নার্সিং কলেজের ডা. মিলন স্মৃতি মিলনায়তনে স্নাতক ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দেশের স্বাস্থ্যব্যবস্থা কাঠামোগত দুর্বলতা এবং দক্ষ জনবলের ঘাটতিতে ভুগছে।

ড. জিয়াউদ্দিন বলেন, স্বাস্থ্য খাত সংস্কারের জন্য সরকারের সমন্বিত সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নার্সিং ও মিডওয়াইফারি পেশার উন্নয়ন ছাড়া স্বাস্থ্যব্যবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

তিনি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মানোন্নয়নের জন্য পাঠ্যক্রম আধুনিকায়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ শিক্ষক তৈরির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রোগীর নিরাপত্তা ও সংক্রমণ প্রতিরোধের বিষয়েও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ নার্স ও মিডওয়াইফদের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পেশাগত সনদ অর্জনের সুযোগ দেওয়া গেলে এ খাত বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স অর্জনের উৎস হতে পারে।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু বিদেশে কর্মী পাঠানো নয়; বরং আন্তর্জাতিক মানের দক্ষ নার্স ও মিডওয়াইফ তৈরি করা। এজন্য বিদেশি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।

নার্স ও মিডওয়াইফদের কর্মপরিবেশের উন্নয়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তাঁদের জন্য সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান, উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করেন। প্রধান অতিথি তাদের প্রশ্নের উত্তর দেন এবং পেশাগত উন্নয়নে শিক্ষার্থীদের প্রত্যাশা ও মতামত শোনেন।

বিজ্ঞাপন