সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষামন্ত্রী: এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না, জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের এআইয়ের ওপর নির্ভরশীল না হয়ে জ্ঞান অর্জনে মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী: এআইয়ের ওপর নির্ভরশীল হলে চলবে না, জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে

শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর নির্ভরশীল না হয়ে জ্ঞান অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, "শুধু তথ্য নয়, জ্ঞান থাকতে হবে। আর জ্ঞানের পাশাপাশি থাকতে হবে প্রজ্ঞা।"

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, "আমাকে বুয়েটের ভিসি বলেছেন, ‘স্যার, আমরা তো যাচাই-বাছাই করে নিচ্ছি, কিন্তু ক্লাসরুমে দেখি অনেক ছেলে এত দুর্বল, বুঝতেই পারছে না।’"

শিক্ষামন্ত্রী আরও বলেন, "ওরা মুখস্থ করে আসছে, পরে আর ক্যাচ আপ করতে পারছে না। মুখস্থতে আর চলবে না। জ্ঞান অর্জন করতে হবে এবং এই এআইকে বিচার করার মতো সক্ষমতা তোমাদের মধ্যে থাকতে হবে।"

তিনি শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার কথা জানিয়ে বলেন, "প্রধানমন্ত্রীর ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে রোববারও গুগলের সঙ্গে বৈঠক হয়েছে।" শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক পদ্ধতি ও এআই ব্যবহার করে শিক্ষার্থীদের শেখা ও শিক্ষকদের পাঠদান সহজ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গবেষণা ও শিক্ষার গতানুগতিক পদ্ধতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা এই বিশ্ববিদ্যালয়ে যে গতানুগতিক সিস্টেমে লেখাপড়া শিখিয়েছি, তা থেকে বেরিয়ে আসতে হবে।"

প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়গুলোর পরিবহনের জন্য ২০০ বাস দেওয়া এবং ভালো ফল করা মেধাবী শিক্ষার্থীদের নিজ হাতে ১ হাজার ৫০০ কম্পিউটার বিতরণের মতো উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।"

শিক্ষামন্ত্রী জানান, এ বছর ১০৭ জন সেরা শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে এবং বিজ্ঞানীদেরও পুরস্কৃত করা হবে। সারা দেশে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন