বাংলাদেশের আশ্রয় শিবিরে জন্ম নেওয়া শিশুদের রোহিঙ্গা প্রত্যাবাসনের যাচাই প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে। রোববার সকালে রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ বিষয়ে বক্তব্য রাখেন।
তিনি বলেন, 'মানবিক সহায়তা নয়, প্রত্যাবাসনই এর একমাত্র সমাধান।' প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, রোহিঙ্গা শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা জরুরি।
সেমিনারে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার বলেন, 'রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। এনিয়ে ভুল তথ্য প্রচারে সাবধান থাকতে হবে সকলকে।'
এছাড়া, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, 'ভেরিফিকেশন যথাযথ করতে হবে এবং রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার বিষয়টি গুরুত্বপূর্ণ।'
বক্তারা ২০১৭ সালের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দ্রুত যাচাই করে নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের ব্যবস্থা করার ওপর জোর দেন।