বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে অবস্থিত সমকাল পত্রিকার অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সমকাল পত্রিকার বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, পুলক চ্যাটার্জী ২০২৩ সালে বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পান। এরপরও তিনি অফিসে আসা-যাওয়া করতেন এবং বিভিন্ন সময় পত্রিকা পড়ার জন্য সেখানে যেতেন।
আজ সন্ধ্যা ছয়টার দিকে অফিস খুলতে গেলে সুমন চৌধুরী দরজা ভেতর থেকে আটকা দেখে ফাঁকা দিয়ে দেখেন পুলক চ্যাটার্জী গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছেন। এ সময় তিনি আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা পুলিশকে জানায়।
পুলিশ ঘটনাস্থলে এসে অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে। বিএমপির উপপুলিশ কমিশনার শুশান্ত সরকার জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে বিষয়টি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। সিআইডি টিম ঘটনাটি তদন্ত করবে।
পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে সহকর্মী ও সহযোদ্ধারা ঘটনাস্থলে ছুটে আসেন। কি কারণে এমন ঘটনা ঘটলো, সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তার সহকর্মীরা। তিনি বরিশাল প্রেসক্লাবের বর্তমান কার্যকরি কমিটির সদস্য ছিলেন।