বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বালুভর্তি বস্তায় বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আহতদের ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে রয়েছেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি আক্তার (১৮) ও নাতি ফাহিম (১৫)।
গতকাল সোমবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহ আলমের ছেলে জামাল হোসেন জানান, সোমবার সকাল ৭টার দিকে তাদের বাড়ির পাশে রাখা বালুভর্তি বস্তায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার মা, বোন এবং ভাগনের শরীরে আগুন ধরে যায়।
আহতরা পাশের তুলাতলা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হনুফা বেগমের শরীরের ৪০ শতাংশ, ইতি আক্তারের ২ শতাংশ এবং ফাহিমের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। হনুফা বেগমকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।