আর্জেন্টিনায় কঠোর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। শিক্ষাখাতে বাজেট কাটছাঁট, বেতন ও বৃত্তির সংকট এবং গবেষণার সুযোগ হ্রাসের প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন।
রাজধানী বুয়েনস এইরেসে অনুষ্ঠিত বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ ঘটে, যার ফলে বেশ কয়েকজন আহত হন এবং অন্তত ২৫ জনকে আটক করা হয়।
শিক্ষার্থীরা শুধু রাজধানীতেই নয়, করদোবা ও রোজারিওর মতো অন্যান্য শহরেও বিক্ষোভে অংশ নেন। ২০২৩ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট মাইলেই সরকার হাজার হাজার কর্মী ছাঁটাই এবং একাধিক মন্ত্রণালয় বিলুপ্ত করার মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
সরকারের এই পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি কমলেও জনজীবন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।
সম্প্রতি বিশ্বব্যাংক ও ওয়াশিংটন সফরকালে প্রেসিডেন্ট মাইলেই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির দাবি করলেও বিরোধীরা বলছেন, সাধারণ জনগণের ওপর অস্বাভাবিক খরচের বোঝা চাপিয়েই এই হিসাব দেখানো হচ্ছে।