ফ্রান্সজুড়ে স্কুলের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়েছে, যেখানে হাই-স্কুলের শিক্ষার্থীরা তাদের অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে রাস্তায় নেমে এসেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেয়।
প্যারিসে, প্লাস দে লা রিপুব্লিক থেকে শত শত কিশোর-কিশোরী মিছিল বের করে। তারা স্কুলের জন্য আরও বেশি অর্থ ও সুযোগ-সুবিধা বরাদ্দ এবং পুলিশের ‘দমনমূলক আচরণ’ কমানোর দাবি জানান। লিওনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে, এবং প্যারিস-মার্শেইয়ে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
শিক্ষার্থীদের সংগঠনগুলোর দাবি, মঙ্গলবার ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে, যেখানে ১ হাজার ৮শ'টি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রবেশপথ অবরোধ করে। সরকার জানিয়েছে, ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।
ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানান, বিক্ষোভ শুরু হওয়ার পর ২১৫ জন শিক্ষার্থী, ৮৫ জন স্কুলকর্মী এবং ৭১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তিনি সহিংসতার নিন্দা জানান এবং অভিযোগ করেন যে কট্টর-বামপন্থি রাজনৈতিক দল ফ্রান্স আনবোড আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘বিশৃঙ্খলা সৃষ্টি’ করতে চাইছে।
মার্শেইয়ের এক শিক্ষার্থী আলিসা বলেন, ‘আমাদের বেশিরভাগই সহিংস নই। আমরা রাস্তায় নেমেছি, কারণ আমাদের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’ তার বন্ধু সাশা বলেন, স্কুলগুলোর অবস্থা ভেঙে পড়ছে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সময় এলিসি প্রাসাদে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন পরিস্থিতি পর্যালোচনা করতে। শিক্ষা মন্ত্রী এদুয়ার জেফ্রে অভিযোগ করেন, ‘চরম সহিংসতাপ্রবণ কিছু গোষ্ঠী’ শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে পড়েছে।