ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা ও শিক্ষক সংকটের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনের ফলে অন্তত ৫ হাজার আন্দোলনকারী আটক হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীদের সমর্থনে এ বিক্ষোভে অভিভাবক ও শিক্ষকেরাও যোগ দিয়েছেন, যা আন্দোলনকে আরও শক্তিশালী করতে পারে। আগামী মঙ্গলবার শিক্ষকেরা ধর্মঘটে যাওয়ার পরিকল্পনা করছেন।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন ঘিরে সহিংসতার নিন্দা জানিয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "বিক্ষোভ উস্কে না দিয়ে সবাইকে শান্ত থাকতে হবে।"
গত সপ্তাহে প্যারিসের দরিদ্র উপশহরগুলোতে শুরু হওয়া এ বিক্ষোভ বৃহস্পতিবার আগামী বছরের জাতীয় বাজেট ঘোষণার পর আরও তীব্র হয়েছে। প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতের বরাদ্দ আশানুরূপভাবে না বাড়ায় প্যারিসসহ অন্যান্য বড় শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।