রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া এআই প্রযুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে

উত্তর কোরিয়া এআই প্রযুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে, জানিয়েছে কিম ইয়ো জং।

উত্তর কোরিয়া এআই প্রযুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। দেশটির সুপ্রিম লিডার কিম জং উনের বোন কিম ইয়ো জং এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ক্ষেপণাস্ত্রটি ৭শ' কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে বলে দাবি করা হয়। কিম ইয়ো জং এক বিবৃতিতে বলেন, ওই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি ‘কৌশলগত অস্ত্রের’ মহড়া চালানো হয়েছে।

তিনি দাবি করেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে এই মহড়া পর্যবেক্ষণ করেন। বিশেষ দায়িত্বপ্রাপ্ত একটি ফায়ারপাওয়ার ইউনিট ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়া ও জাপানের দেওয়া তথ্যের ভিত্তিতে কিম ইয়ো জং বলেন, পরীক্ষার ফলাফল দুই দেশের ক্ষেপণাস্ত্র শনাক্ত ও অনুসরণ করার সক্ষমতার সীমাবদ্ধতা প্রকাশ করেছে।

দক্ষিণ কোরিয়া ও জাপানকে ক্ষেপণাস্ত্রটির গতি সম্পর্কে ‘বাস্তবতা স্বীকার’ করতে হবে বলে মন্তব্য করেন কিম ইয়ো জং। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কত গতিতে উড়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

কিম ইয়ো জং আরও দাবি করেন, এআই প্রযুক্তি ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রটি কম উচ্চতায় উড়ার সময়ও নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম। তার ভাষায়, এর অর্থ হলো এই হামলা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই।

উত্তর কোরিয়া চলতি বছরে এ পর্যন্ত ১০টিরও বেশি বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষাকে নতুন ধরনের অস্ত্রব্যবস্থার পরীক্ষা বলে জানিয়েছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পরও উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে দেখা গেছে। এসব যৌথ মহড়াকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে পিয়ংইয়ং।

বিজ্ঞাপন