রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কিয়েভের সেতুতে রাশিয়ার হামলা, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

কিয়েভের নর্দার্ন ব্রিজে রাশিয়ার হামলা, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত।

কিয়েভের সেতুতে রাশিয়ার হামলা, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

ইউক্রেনের রাজধানী কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতে রাশিয়ার হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে নর্দার্ন বা পিভনিচনি ব্রিজে এই হামলা চালানো হয়, যা নিশ্চিত করেছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো।

হামলার ফলে সেতুর সড়ক অংশ এবং ট্রলিবাসের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে সেতুটিতে যান চলাচল বন্ধ রয়েছে। ক্লিৎসকো জানান, জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সেতুটির বাম তীর থেকে ডান তীরে যাওয়ার পথ আপাতত বন্ধ রাখা হয়েছে।

কিয়েভের এই সেতুতে হামলার মাত্র কয়েক দিন আগে শহরের আরেক গুরুত্বপূর্ণ সেতু, সাদার্ন বা পিভদেননি ব্রিজেও রুশ ড্রোন হামলা চালানো হয়। বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা হামলার পর সেতুটি দিয়ে মেট্রো ও গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

নর্দার্ন ও সাদার্ন ব্রিজ দুইটি কিয়েভের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। বৃহস্পতিবারের আগে এসব সেতুতে হামলার ঘটনা ঘটেনি, যা রাজধানীর গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামোতে নতুন একটি পরিস্থিতি তৈরি করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নর্দার্ন ব্রিজে হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং দাবি করেছে যে, সেতুটি সেনা ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহৃত হতো। তবে কিয়েভের মেয়র ক্লিৎসকো লজিস্টিকস কেন্দ্রের বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেননি।

এর আগে, সাদার্ন ব্রিজে হামলার পর শুক্রবার কিয়েভের প্রতিরক্ষা কাউন্সিল জরুরি বৈঠক করে। বৈঠক শেষে ক্লিৎসকো জানান, শহরটি ‘অত্যন্ত নাটকীয় পরিস্থিতির’ মধ্যে রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করার চেষ্টা করছে। তিনি বলেন, রুশ বাহিনী সেতু, ডেটা সেন্টার, হাসপাতাল, স্কুল ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করছে।

বিজ্ঞাপন