২০১৬ সালের ৬ এপ্রিল কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া একমাত্র আসামী অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান হাইকোর্টের জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে সকল আনুষ্ঠানিকতা শেষে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান।
গত রোববার (২ আগস্ট) মামলার শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেন।
তদন্ত সূত্রে জানা যায়, দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেফতারের পর তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে পিবিআই সাত দিনের রিমান্ড আবেদন করে। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং পরীক্ষার পর ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হাফিজুর রহমানকে মুক্তি দেওয়া হয়েছে।