পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় এলাকায় গভীর সমুদ্রে জেলেদের ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে বিপুল পরিমাণ মাছ, জাল, জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোর ৫টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পায়রা বন্দর বয়া এলাকায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার ট্রলারটি হলো ‘এফবি শাহআমানত’, যা চট্টগ্রামের কর্ণফুলী এলাকার দেলোয়ারের মালিকানাধীন। অভিযোগ উঠেছে যে, জলদস্যুরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় ৬ লাখ টাকার মাছ, ৫ লাখ টাকার জাল ও জ্বালানি তেল লুট করে নিয়ে যায়।
হামলার সময় বাধা দেওয়ার চেষ্টা করলে দুই জেলে, হোসেন ও সেলিম মারধরের শিকার হন এবং গুরুতর আহত হন। আহত দুজনই নোয়াখালীর বাসিন্দা। তাদেরকে পরবর্তীতে মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দেলোয়ার জানান, তিনি গত ১ সেপ্টেম্বর প্রয়োজনীয় বাজারসদাই করে ট্রলারটি সমুদ্রে পাঠান। কিন্তু জলদস্যুরা সুযোগ নিয়ে হামলা চালায়।
এ বিষয়ে কোস্টগার্ডের নিজামপুর কন্টিনজেন্ট কমান্ডার শহীদুল্লাহ বলেন, ‘জেলেরা তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডকে জানালে অভিযান চালিয়ে জলদস্যুদের ধরার চেষ্টা করা সম্ভব। সমুদ্রে জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড সার্বক্ষণিক কাজ করছে। জরুরি প্রয়োজনে জেলেরা ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা নিতে পারেন।’