নিরাপত্তাজনিত কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবগামী ১০৩টি ফ্লাইট বাতিল হয়েছে। এই বাতিলের ফলে গত শনিবার থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলির মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস বাংলার ১০টি, সৌদি এয়ারলাইন্সের আটটি এবং রিয়াদ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, সালাম এয়ার-এর সাতটি, ইজিপ্টের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, ফ্লাই দুবাইয়ের ছয়টি এবং এয়ার ইন্ডিয়ার তিনটি ফ্লাইট বাতিল হয়েছে।
গত শনিবার রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হওয়ার পর থেকে বিমানবন্দরটি বন্ধ রয়েছে। পরে দাম্মাম বিমানবন্দরে হামলা হওয়ার পর সেখানেও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।