পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হতে হবে। তিনি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভায় এসব কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দেশের 'মাদার ট্রি' চিহ্নিত করে সেগুলো সংরক্ষণ করতে হবে এবং গাছ লাগানোর পাশাপাশি নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তিনি উল্লেখ করেন, মানুষের প্রকৃতির মাঝে যাওয়ার জায়গা কম, এ ধরনের জায়গা বাড়াতে হবে। প্রধানমন্ত্রী ছাদবাগান ও স্কুলবাগানসহ বিভিন্ন ভবনে বাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
রাজধানীর বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা দীর্ঘদিন ধরে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় প্রথম বা দ্বিতীয় স্থানে রয়েছে, যা দেশের জন্য লজ্জার বিষয়। এ পরিস্থিতি পরিবর্তনে সকলকে দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদের একটি সুযোগ দিয়েছেন এই দেশের জন্য কিছু করার। পরিবেশ ভালো রাখতে হলে সকলকে দায়িত্বের বাইরে গিয়ে কাজ করতে হবে। ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সঠিকভাবে কাজ করলে এর সুফল দেশের সব মানুষ পাবে।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, অন্য মন্ত্রণালয়গুলো নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে কম গাছ লাগালে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিতে হবে।