ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৫ অক্টোবর শোক দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ১৯৮৫ সালের এই দিনে জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৪০ জনের স্মরণে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে জগন্নাথ হল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে হলের কিশোরীলাল রায় চৌধুরী অডিটোরিয়ামে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপাচার্য বলেন, ১৯৮৫ সালের মর্মান্তিক ঘটনা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল। তিনি আরও বলেন, সেই ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সবার জন্য নিরাপদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে হবে।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাজ ধারণ, প্রার্থনা সভা, রক্তদান কর্মসূচি এবং স্মৃতিচিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।