মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে সরকার। দেশটি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মালয়েশিয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার, যেখানে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী কাজ করছেন।
সরকারের উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু ও সম্প্রসারণের লক্ষ্যে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর মধ্যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এবং ২৫টি বেসরকারি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি অন্তর্ভুক্ত রয়েছে।
তালিকাভুক্ত এজেন্সিগুলো এখন নিজেদের উদ্যোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করতে পারবে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে এজেন্সিগুলোকে নিয়োগ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া এই ১০ হাজার কর্মীকে বিনা খরচে নেওয়ার বিষয়ে একমত হয়েছে। মন্ত্রণালয়ের মতে, এই উদ্যোগের মাধ্যমে শ্রমবাজারে আরও উন্মুক্ত ও অংশগ্রহণমূলক নিয়োগব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।
২০২২ সালের ১৮ ডিসেম্বর স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি নির্বাচন ও তালিকাভুক্ত করার বিধান রয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ধারাবাহিক আলোচনা চালানো হয়।
মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ার অনুমোদিত এজেন্সিগুলো চাকরির চাহিদাপত্র সংগ্রহ ও কর্মী নির্বাচন করবে। এরপর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ায় বোয়েসেল ও তালিকাভুক্ত ২৫টি প্রসেসিং বা সার্ভিস এজেন্সি সহায়তা করবে।