বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদ্যাপন উপলক্ষে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে এই বিশেষ বাস সার্ভিস পরিচালিত হবে। বিআরটিসির এই সার্ভিস আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে।
এ উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসির ২২টি বাস ডিপো থেকে অগ্রিম টিকেট বিক্রয় ও রিজার্ভের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে।
রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে এই বাসগুলি চলাচল করবে।
যাত্রীদের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে। বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।
দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিসের সেবা গ্রহণের জন্য এবং সার্ভিস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বিআরটিসি প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।