যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযানে একজন যুবক গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার রাতে মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সোহাগ ফকির (৩৮)। তিনি রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামের আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে। তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষাটি স্থগিত করা হয়।
এ ঘটনায় ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়। সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।