রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টঙ্গীতে শিক্ষার্থী নিপীড়নের অভিযোগে শিক্ষকের জামিন নামঞ্জুর

টঙ্গীতে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর করেছে আদালত।

টঙ্গীতে শিক্ষার্থী নিপীড়নের অভিযোগে শিক্ষকের জামিন নামঞ্জুর

গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় অভিযুক্ত শিক্ষক মো. মোসলেহ উদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর হায়দার এ আদেশ দেন।

মোসলেহ উদ্দিন টঙ্গীর মধ্য আউচপাড়ার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার উপাধ্যক্ষ। অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর মাদ্রাসাটির এক শিক্ষার্থীকে নিজ কক্ষে যৌন নিপীড়নের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, শিক্ষক শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না জানাতে বলেন।

শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারকে ঘটনাটি জানালে, পরদিন শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে জবাবদিহি চান। এ সময় স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়।

শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে মোসলেহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মামলাটির তদন্ত চলছে এবং আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

এদিকে, অভিযুক্ত শিক্ষকের ওপর হামলা, মাদ্রাসায় ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকেও পাল্টা মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন