নাটোরের সিংড়ায় থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় আফজাল হোসেন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আল-আমিন নামে একজন।
রোববার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের লালোর ইউনিয়নের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন নাটোর পৌরসভার কাঠাল বাড়িয়া মহল্লার আবুল হোসেনের ছেলে। আহত আল-আমিন নাটোর সদর উপজেলার ঋষীনওগাঁ গ্রামের ফয়েজ মিয়ার ছেলে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ জাকির হোসেন জানান, নাটোর থেকে মাছবাহী একটি মিনি ট্রাক সিংড়া মাছ আড়তে যাচ্ছিল। খেজুরতলা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে রাখেন চালক।
এ সময় অপর একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা মারলে আফজাল হোসেন ঘটনাস্থলে মারা যান। আহত আল-আমিনকে চিকিৎসার জন্য নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের চালক পালিয়ে যায়। তাকে আটক করার জন্য অভিযান চলছে। ময়না তদন্ত শেষে আফজাল হোসেনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।