চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ফটিকছড়ির জামান হত্যা ও অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ রোববার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মুন্তাসিম বিল্লাহ এ আদেশ দেন। আদালতের এই আদেশের পাশাপাশি ডেভিড ইমনের ৪ সহযোগীকেও অস্ত্র মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে পুলিশ দুই মামলায় ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেছিল। ডেভিড ইমনকে হাটহাজারী থানায় চাঁদাবাজির একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় ডেভিড ইমনসহ তার ৪ সহযোগীকে। ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৫টি মামলা রয়েছে।