রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় রাত্রি (২০) ও ফিরোজা বেগম (৩৫) নামের দুই নারীকে হত্যা করার অভিযোগে জামাতা শিপনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টার দিকে কাঠালবাগান আলামিন মসজিদের পাশে একটি বাসায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, জামাতা শিপনের সাথে স্ত্রী রাত্রির কথা-কাটাকাটি হয়। এ সময় শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে শিপন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর আক্রমণ করেন। ঘটনাস্থলে রাত্রি মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, রাত্রির সাথে শিপনের বিচ্ছেদ হয়েছিল, তবে তারা একসাথে থাকছিলেন। অভিযুক্ত শিপন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।