নরসিংদীর রায়পুরায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের গুলিতে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। রবিবার সকাল ৯টার দিকে চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক মোমেন মিয়া সদাগরকান্দি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকারের সঙ্গে সাবেক মেম্বার আবুল কাশেমের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে আজ সকালে কাশেম মেম্বারের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল চেয়ারম্যানের সমর্থক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়।
হামলার সময় গুলিবিদ্ধসহ মোট ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।